কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: পুলিশ সুপার।

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯:৪৫

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: পুলিশ সুপার।

তদবির বা চাপ প্রয়োগের চেষ্টা করলে নাম প্রকাশের।

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান কোনো ধরনের বিরতি ছাড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। অভিযানে কেউ তদবির বা চাপ প্রয়োগের চেষ্টা করলে তাদের নাম প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পুলিশ সুপার বলেন, কুমিল্লা থেকে কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সঙ্গে কোনো ‘বড় ভাই’ বা প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, কুমিল্লার বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের সদস্যদের তালিকা তৈরি করে গত ২৩ সেপ্টেম্বর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়।

এরপর ২৬ সেপ্টেম্বর আরও ২৫৫ জন এবং পরদিন ৪৮৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, তাদের গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডের’ পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা না দেয়, সেদিকে অভিভাবকদের বিশেষভাবে নজর রাখতে হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাংয়ের পাশাপাশি তাদের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি বা ‘বড় ভাইদের’ বিরুদ্ধেও তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।