প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট দীর্ঘ মৃত তিমি।

১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৭:৩১

 

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট দীর্ঘ মৃত তিমি।

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন আন্ধারমানিক নদী থেকে তিমিটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি নদীতে ভেসে আসে। পরে নদীর তীরে আটকে যায়। সকালে জেলেরা বিশাল আকৃতির মৃত তিমিটি দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।

পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেন। তিমিটির দেহে পচন ধরায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিমিটি উদ্ধার করেছেন। তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ডের সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য