প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

লোহাগাড়ায় চেকপোস্টে ২ হাজার ইয়াবা ও অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার।

১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৪:৫৪

লোহাগাড়ায় চেকপোস্টে ২ হাজার ইয়াবা ও অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার।

পিস্তল, দুই ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিও উদ্ধার:

লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে একটি Foton পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা উদ্ধার করা হয়।

পুটলিটি খুলে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭.৬৫ মিমি ‘Made in USA’ খোদাইকৃত একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার সদর থানার খুরুশকুল ৬ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন। এ কাজে একই এলাকার মামুন নামে আরও একজন জড়িত বলে তারা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে মামুন ইতোমধ্যে বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছে। তাকে গ্রেপ্তারসহ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ নিশ্চিত করেছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য