প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

আপনি কি সত্যিই শিক্ষামন্ত্রী, নাকি শুধুই পরীক্ষামন্ত্রী? আজ দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এই প্রশ্নটি তীব্রভাবে দেখা দিয়েছে।

১৪ জুলাই ২০২৬, ৬:৫০:২১

আপনি কি সত্যিই শিক্ষামন্ত্রী, নাকি শুধুই পরীক্ষামন্ত্রী? আজ দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এই প্রশ্নটি তীব্রভাবে দেখা দিয়েছে।

যেখানে সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং পড়াশোনার মানোন্নয়নে মনোযোগ দেওয়া উচিত ছিল, সেখানে আপনার পুরো মনোযোগ আটকে আছে শুধু পরীক্ষা নেওয়ার ওপর।
বাস্তবতা কতটা করুণ, তা কি আপনি জানেন? দেশের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এখনো পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণা পর্যন্ত পরিষ্কারভাবে বোঝে না।

যেখানে ল্যাব নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, সেখানে আপনি পরীক্ষার খাতায় ফিজিক্স নিয়ে নিত্যনতুন এক্সপেরিমেন্ট চালাচ্ছেন! একটি পরীক্ষার আয়োজন করার আগে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ এবং বাস্তবসম্মত পরিকাঠামো উন্নয়ন করা জরুরি ছিল। কিন্তু সেই মৌলিক জায়গাগুলো ফাঁকা রেখে আপনি যেভাবে একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, তাতে খুব দ্রুতই আপনি ছাত্রসমাজ ও সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলছেন।

পরীক্ষার মাঝে মাত্র একদিন করে ছুটি দিয়েছেন, বেশ ভালো কথা এটা নিয়ে হয়তো দ্বিমত নেই। কিন্তু আজ দেশের এই চরম বৈরি ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনার আমার সন্তানের বয়সী কোমলমতি শিক্ষার্থীদের যেভাবে রাস্তায় ভিজিয়ে, সীমাহীন কষ্ট দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠালেন, তাতে আর যাই হোক, মেধার কোনো উন্নয়ন হয়নি।

হয়েছে শুধু মানসিক ও শারীরিক নির্যাতন।
আজকের পরীক্ষায় প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর অনুপস্থিতিই প্রমাণ করে আপনার সিদ্ধান্ত কতটা বাস্তবতাবর্জিত এবং আত্মঘাতী ছিল।
মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষার হলের চেয়ে আগে শিক্ষার্থীদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন।

মানুষের মনস্তত্ত্ব এবং বাস্তব সংকটকে অনুধাবন করুন। মনে রাখবেন, গুটিকয়েক মুখস্থ কিংবা যান্ত্রিক পরীক্ষাই কোনো মানুষের জীবনের ভাগ্য বা মেধা নির্ধারণ করতে পারে না। অনুগ্রহ করে পরীক্ষাকেন্দ্রীক জেদ পরিহার করে শিক্ষার আসল মানে ফোকাস করুন।
আলী আসগর ইমন
সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য